প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- সর্বশেষ আপডেট ১০:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 233
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলা তারেক রহমানের হাতে এই চিঠি তুলে দেন। সন্ধ্যায় তারেকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ওম বিরলা নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে বৈঠকের তথ্য শেয়ার করেন এবং কয়েকটি ছবিও পোস্ট করেন।
চিঠিতে মোদি তারেককে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সুবিধাজনক দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
ওম বিরলা পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক শেষ করেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো ব্যক্তিগত চিঠি তার হাতে হস্তান্তর করেছি। চিঠিতে মোদি শুভেচ্ছা জানিয়েছেন এবং দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’































