প্রতারণায় রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধে জড়ানোয় ৩ এজেন্সির লাইসেন্স স্থগিত

- সর্বশেষ আপডেট ১০:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 148
চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে জড়ানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে সরকার। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানোর পর অন্তত ৩০ জন বাংলাদেশিকে যুদ্ধক্ষেত্রে যুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে অভিযোগ আসার পরই ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, অনেক বাংলাদেশি সরাসরি দেশ থেকে না গিয়ে তৃতীয় দেশ হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়েছেন, যেসব ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ সীমিত হয়ে পড়ে।
অন্যদিকে, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ চলছে এবং কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত প্রায় ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি বিদেশে কর্মসংস্থান পেয়েছেন। আগামী অর্থবছরে প্রায় ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিদেশে ভুয়া চাহিদাপত্র ও নামমাত্র কোম্পানির মাধ্যমে কর্মী নিয়োগের প্রবণতা বাড়ায় যাচাই-বাছাই ও নজরদারি আরও জোরদারের কথাও জানান তিনি।

































