পিএসসিতে নতুন চার সদস্য নিয়োগ
- সর্বশেষ আপডেট ০৭:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 144
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্ত সদস্যরা হলেন মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগের বিষয়টি জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। তবে দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তাদের মেয়াদ শেষ হওয়ার সময় হিসেবে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।
নতুন চার সদস্য যোগ দেওয়ার ফলে পিএসসিতে চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া সদস্য রয়েছেন ২০ জন।
সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন, পরীক্ষা পরিচালনা, ফল প্রকাশ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করার দায়িত্ব পালন করে পিএসসি।






























