পার্বত্য মন্ত্রণালয়ে অ-পাহাড়ী প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবি

- সর্বশেষ আপডেট ০৫:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 319
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে অ-পাহাড়ী প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করে দপ্তর পুনর্বণ্টনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। একই সঙ্গে নবগঠিত সরকারকে অভিনন্দনও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের কাছে এ দাবি জানান আন্দোলনের দুই যুগ্ম সমন্বয়কারী মানবাধিকারকর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিপুল গণরায় নিয়ে বিজয়ী বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতকরণ গুরুত্ব পাবে।
তারা উল্লেখ করেন, নবগঠিত মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন পাহাড়িকে পূর্ণমন্ত্রী করা হলেও পাশাপাশি একজন অ-পাহাড়ীকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাদের দাবি।
বিবৃতিতে বলা হয়, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর বিএনপি ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানে জনসংহতি সমিতি-র সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে। এর ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ২০০১ সালে পুনরায় ক্ষমতায় এসে বিএনপি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা রাখে। তারা জানান, এবারের নির্বাচনে পার্বত্য জেলার তিনটি আসনেই পাহাড়ি ভোটাররা বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করেছেন, যা দলের প্রতি পাহাড়ের মানুষের আস্থার প্রতিফলন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে বহুজাতিক “রেইনবো নেশন” গঠনের অঙ্গীকার রয়েছে। এই প্রতিশ্রুতির ভিত্তি শক্তিশালী করতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অ-পাহাড়ী প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে দপ্তর পুনর্বণ্টনের দাবি জানান তারা।
শেষে যুগ্ম সমন্বয়কারীরা বলেন, ২০০১ সালে চুক্তি বাস্তবায়নে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রেখেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর পদাঙ্ক অনুসরণ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখতে বিচক্ষণ পদক্ষেপ নেবেন- এমনটাই দেশবাসীর প্রত্যাশা।































