অস্থির বাজার, লেবুর কেজি ২০০ টাকা
- সর্বশেষ আপডেট ১২:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 275
পবিত্র রমজান শুরু হতে না হতেই অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান। এর আগেই ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ লেবুর দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে পাবনা জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি লেবু ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাকালিয়া বাজার ও সিঅ্যান্ডবি বাজার ঘুরে দেখা যায়, রমজানকে কেন্দ্র করে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে মানভেদে এক হালি লেবু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজি দরে কিনতে গেলে ক্রেতাদের গুণতে হচ্ছে ২০০ টাকা পর্যন্ত।
ক্রেতাদের অভিযোগ, রমজান আসার কয়েকদিন আগেও লেবুর দাম ছিল বেশ সহনীয়। কিন্তু রোজা শুরু হওয়াকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে রাতারাতি দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
ক্রেতা জাফর জানান, শুধু লেবু নয়, রোজা শুরুর সাথে সাথে শসা, বেগুন ও কাঁচামরিচের দামও পাল্লা দিয়ে বাড়ছে। প্রশাসনের সঠিক নজরদারি না থাকলে সাধারণ মানুষের জন্য রোজা রাখা এবং পরিবার চালানো কষ্টকর হয়ে পড়বে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, লেবুর দামসহ অন্যান্য পণ্যের দামের নিবিড় তদারকি করা হচ্ছে। লেবুর বিষয়ে বাজারে অভিযান চালানো হচ্ছে।
































