পঞ্চগড়ে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি
- সর্বশেষ আপডেট ০৩:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 10
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার কারণে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতে ফিরে যেতে হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তারা একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের চেষ্টার শিকার সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেন।
দিনভর সীমান্ত এলাকায় অবস্থানের পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই সাতজন একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যেতে বাধ্য হন।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার ও পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।





























