পঞ্চগড়ে ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলল যানবাহন
- সর্বশেষ আপডেট ১২:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 41
মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ও পথঘাট ছিল কুয়াশায় আচ্ছন্ন। এতে যানবাহনের গতি কমে যায় এবং চালকদের হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা এর আগে তারা খুব একটা দেখেননি। ভোরে চারপাশ কুয়াশায় ঢেকে যাওয়ায় অনেকের মধ্যেই আগেভাগে শীত নামার ধারণা তৈরি হয়। তবে ওই সময় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করে। পরে জেলার আবহাওয়া ও সড়ক যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন চারপাশ ঘন কুয়াশায় ঢেকে আছে। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে দেখেননি বলেও জানান তিনি।
জেলা শহরের ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর কুয়াশার কারণে সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়েও দৃষ্টিসীমা কম থাকায় ধীরগতিতে গাড়ি চালাতে হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় আকাশে মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরির অন্যতম কারণ।





























