ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদের সতর্কবার্তা
- সর্বশেষ আপডেট ০৯:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 21
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভায় নম্বর বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া হঠাৎ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে সরকারের বিশেষ নীতি থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেন কোনোভাবেই পিছিয়ে না যায়, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের নীতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্র ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। তাই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা ও কার্যকর রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন। পুরোনো ধারা অনুসরণ না করে বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত মানের দিক থেকে প্রকৃত অর্থে উন্নত করার আহ্বান জানান তিনি।
চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত দুই দিন ধরে ভাইভায় বড় পরিমাণে নম্বর বাড়ানোর একটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। অথচ সরকারে আসার আগে তারাই বিসিএসের ভাইভায় নম্বর কমানোর কথা বলেছিলেন। এখন ক্ষমতায় এসে উল্টো পথে হাঁটা হচ্ছে।
তিনি বলেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।
সরকারকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, “কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় পাঠায় নিজেরাও টের পাবেন না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুসহ দলটির অন্যান্য নেতারা।
জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই ৩৬ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





























