নেপালের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হবে: ফখরুল
- সর্বশেষ আপডেট ০৩:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 11
বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জনগণের কল্যাণ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
রোববার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ-নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভৌগোলিকভাবে নেপাল বাংলাদেশের খুব কাছের একটি বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সম্পর্ক আরও গভীর হলে স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, ঠাকুরগাঁওসহ দেশের সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ অর্থাভাবে উন্নত চক্ষুচিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের বিনামূল্যের চক্ষু শিবির তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন এলাকায় এমন মানবিক স্বাস্থ্যসেবা সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই চক্ষু শিবিরে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএসের চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসন, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির। দিনব্যাপী আয়োজিত এ চক্ষু শিবিরে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

































