নীলফামারীতে ফলিত পুষ্টি বিষয়ক সেমিনার
- সর্বশেষ আপডেট ০২:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 17
নীলফামারীতে সুস্থ জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ সেমিনারের আয়োজন করে।
বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার ও সুষম খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের সেমিনার পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিরা দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। বক্তারা সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং রেস্তোরাঁ মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















