নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা
- সর্বশেষ আপডেট ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 70
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে একটি প্রতিনিধি দল রয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ৩৫ জন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
প্রতিনিধি দলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন। প্রতিনিধি দলে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।
নিউইয়র্ক সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া কুয়েত, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচিও রয়েছে।
সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।






























