নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

- সর্বশেষ আপডেট ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 198
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক ও বৈশ্বিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ২০২৬ সালের নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার তুলে ধরবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে। কক্সবাজারে গত মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধি সভার ভিত্তিতেই অধ্যাপক ইউনূসের প্রস্তাবে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
এছাড়া তিনি ২৫ সেপ্টেম্বর যুব কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও যোগ দেবেন। তাঁর ভাষণে শান্তি, উন্নয়ন, মানবাধিকার, শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অবৈধ অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ফিলিস্তিন সংকটের মতো বৈশ্বিক ইস্যু স্থান পাবে।
সফরকালে জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় তিনি যোগ দেবেন। একই সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কমনওয়েলথ, জি-৭৭ ও চীন, ওআইসি, বিমসটেকসহ একাধিক আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
প্রধান উপদেষ্টা আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

































