নারী ও শিশুরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ: উপদেষ্টা

- সর্বশেষ আপডেট ১০:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 129
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশুরা আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলেও প্রায়শই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশে ১৬ কোটির বেশি মানুষ বসবাস করছে এবং সাম্প্রতিক দশকে আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হয়েছে। তবে শাসন ব্যবস্থা, মানবাধিকার এবং জেন্ডার সমতার ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাধা সৃষ্টি করছে। বিশেষ করে এসডিজি ৫, যা জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে, এবং এসডিজি ১৬, যা ন্যায়পরায়ণ, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিবেদিত, সেখানে বিশেষ মনোযোগ প্রয়োজন।
শারমীন এস মুরশিদ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিকতা এক্সপেনশন সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, নাগরিকতা শুধু আইনি পরিচয় নয়, এটি মর্যাদা, অধিকার ও সম্ভাবনার প্রতীক। বিশেষ করে নারী ও শিশুদের জন্য নাগরিকতার স্বীকৃতি তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তির পথে সাহায্য করে। তিনি বলেন, নাগরিকতা প্রকল্পে নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি।
উপদেষ্টা উল্লেখ করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের লক্ষ্য, কোনো নারী বা শিশু পরিচয়হীনতার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা বা সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত না হয়। প্রকল্পটি স্থানীয় পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া, ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নারীর ক্ষমতায়ন ও শিশুর সুরক্ষা নিশ্চিত হলে টেকসই উন্নয়ন সম্ভব। সরকারের সঙ্গে বেসরকারি সংস্থা ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টায় এই নাগরিকতা প্রকল্প বাস্তবায়িত হলে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলা যাবে।
তিনি বলেন, ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ একটি সময়োপযোগী এবং কৌশলগত উদ্যোগ, যার লক্ষ্য নাগরিক সমাজকে সক্রিয় করা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের সঙ্গে জবাবদিহিমূলক সম্পর্ক গড়ে তোলা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার অজিত সিং, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, এবং এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ড. কে এম মামুন উজ্জামান।































