নরসিংদীর পাঁচ ‘অদম্য নারী’ পেলেন ঢাকা বিভাগীয় সম্মাননা

- সর্বশেষ আপডেট ০৮:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 346
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নরসিংদী জেলার পাঁচ নারী পেয়েছেন ‘ঢাকা বিভাগীয় অদম্য নারী ২০২৫’ সম্মাননা। সোমবার (২ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়- এর উদ্যোগে ১৩টি জেলার মোট ৫৭ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গাজী গোলাম তৌসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম মল্রিক (ডিআইজি, ঢাকা রেঞ্জ), মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সালমা আক্তার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজিনা আরজু লাভলী।
নরসিংদী জেলা থেকে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ নারী এ সম্মাননা অর্জন করেন। সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত সদস্য খালেদা পারভীন সম্মানিত হন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের স্বীকৃতি পান মনোহরদীর লেবুতলার সুমাইয়া আক্তার। শিক্ষা ও চাকরিতে কৃতিত্বের জন্য রায়পুরার রাধানগরের তানজিনা আক্তার নীলা পুরস্কৃত হন। নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য সম্মাননা পান নরসিংদী পৌরসভার শংকরী রানী সূত্রধর। সফল জননী হিসেবে স্বীকৃতি পেয়েছেন রায়পুরার বাঁশগাড়ির জোস্না বেগম।
খালেদা পারভীন আমীরগঞ্জ ইউনিয়নে পরপর তিনবার সংরক্ষিত সদস্য এবং রায়পুরা উপজেলা পরিষদে পরপর দুইবার সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলমের সহধর্মিণী এবং রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এস এম শরীফ মিয়ার মা। এলাকায় তিনি ‘সেবার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত। ব্র্যাকের স্বাস্থ্যসেবিকা হিসেবে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি তিনি বিনামূল্যে কয়েকশ নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি গাজী গোলাম তৌসিফ বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের অবদান অনস্বীকার্য। নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠান শেষে রায়পুরার পরিচয় শুনে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এলাকায় সহিংসতা বন্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, রায়পুরার টেটা যুদ্ধ ও খুনাখুনির মতো ঘটনা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাজ পরিবর্তনের সংগ্রামে অদম্য এই নারীদের স্বীকৃতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে- এমন প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজকরা।































