নরসিংদীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- সর্বশেষ আপডেট ০৭:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 279
শনিবার (১৬ মে) সকাল ১০টায় নরসিংদী জেলা শিক্ষা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আর্ট বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক বলেন, নরসিংদীতে শিক্ষার মানোন্নয়নে জেলা শিক্ষা অফিস নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।
তিনি আরও বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মননশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়তা করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
































