নরসিংদীতে গ্রাম আদালত সচেতনতা বাড়াতে সমন্বয় সভা
- সর্বশেষ আপডেট ০৫:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 65
গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও সক্রিয় করার লক্ষ্যে নরসিংদীতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
রোববার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. নাদিরা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার, জেলা তথ্য কর্মকর্তা মো. ওবায়দুল কবির মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেরিন সুলতানা, বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করছে। সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর তারা গুরুত্ব দেন।
সভায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম বিস্তার, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়।



































