দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোটের আহ্বান

- সর্বশেষ আপডেট ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 157
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি দেশের পুনর্গঠনের লড়াই। তিনি জনগণের অকুণ্ঠ সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে জেলা বিএনপির আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি, এখন সময় দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার। দেশের প্রকৃত মালিক জনগণ; তাদের হাত ধরেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই।”
তারেক রহমান গত এক দশকের সরকারের সমালোচনা করে বলেন, স্বৈরাচারী শাসনের কারণে যুবকদের কর্মসংস্থান হয়নি, কৃষকরাও তাদের অধিকার পাননি। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে এসব ঘাটতি দূর করা হবে।
গণসমাবেশে তিনি বিএনপি সরকারের পরিকল্পনার মূল রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’, অভাবী পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’, নারী শিক্ষার অগ্রাধিকার, গ্রামীণ মা ও শিশুর জন্য বিশেষ ‘হেল্প ডেস্ক’, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন, বন্ধ বিমানবন্দর সচল করা, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং স্থানীয় চাল শিল্পকে আধুনিকায়ন।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য দেন আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ডা. আবদুস সালাম ও ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান।































