দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৮:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 17
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
সরকারের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।
তবে দুর্গাপূজার ছুটি শুরুর আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে। ওই দিন সাপ্তাহিক ছুটির পরিবর্তে সরকারি অফিস-আদালতের কার্যক্রম চলবে।
এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


































