ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- সর্বশেষ আপডেট ০৭:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 145
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হিসেবে থাকবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
সোমবার পুলিশ সদরদপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’-তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অসাধারণ ভূমিকার প্রশংসা করেছেন।
জাহাঙ্গীর আলম আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিল, তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। এই অবস্থান আরও উন্নত করার আহ্বানও জানান তিনি।
তিনি অর্ন্তবর্তীকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল বলেও দাবি করেন। “আমার দপ্তর থেকে কোনো তদবির হয়নি, এটি হলফ করে বলতে পারি,” যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম। উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তরসহ বিভিন্ন বাহিনীর আয়োজিত বিদায়ী সংবর্ধনায় অংশ নেন তিনি।



































