তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

- সর্বশেষ আপডেট ১২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 137
সিলেট, কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে এক নারীসহ ৮ জন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ৬ নিহত হয়েছেন। রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি, নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) । অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) ও নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, ঘতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে কুমিল্লায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। সকালে জেলার দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু খালিদ দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ওই শিশুটির বাবা নিহতের মরদেহ নিয়ে ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়।




































