টাঙ্গাইল-৭-এ ৭১ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ প্রতীক
- সর্বশেষ আপডেট ০৯:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 123
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে প্রাথমিক ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। ১২৬টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ২৬৭ ভোট। ফলে ৭১ হাজার ৫১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন, নারী ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিটি কেন্দ্রের ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদেরও ভোট দিতে দেখা গেছে। বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

















