ঢাকা কলেজে শেখ রবিউল আলম
‘জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি পুরো জাতির অর্জন’
- সর্বশেষ আপডেট ০২:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 48
জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়; এটি সমগ্র জাতির সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক অপব্যাখ্যা বা অপরাজনীতির সুযোগ নেই।
বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান এবং গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।
শেখ রবিউল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার সরকার ইতোমধ্যে করেছে এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব জনগণ নির্বাচনের মাধ্যমে দিয়েছে। তিনি বলেন, সংসদের মাধ্যমে এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এবং এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছে। একই সঙ্গে গণআন্দোলনের মাধ্যমে কীভাবে স্বৈরাচারের পতন ঘটানো যায়, সেই দৃষ্টান্তও স্থাপন করেছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, জুলাই আন্দোলন সেই বার্তাও স্পষ্টভাবে তুলে ধরেছে।
বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছে। তার দাবি, জনগণের ভোটের সুযোগ সৃষ্টি হলে তারা বারবার বিএনপির ওপরই আস্থা রেখেছে।
ঢাকা কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, দেশের প্রশাসন, রাজনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেনসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।































