জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব, বিএনপির উদারতা: সালাহউদ্দিন

- সর্বশেষ আপডেট ১০:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 117
জামায়াতে ইসলামীর কাছে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ প্রস্তাব জামায়াতেরও ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক এবং বিএনপি সংসদকে স্মরণীয় করে রাখতে চায়। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ রয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য সংসদ সদস্যদের সঙ্গে প্রশিক্ষণার্থীর সারিতে বসেন। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশন সামনে রেখেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।




































