ইসির মূল্যায়ন
‘জাতি হিসেবে আমরা বিজয়ী’

- সর্বশেষ আপডেট ০৪:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 72
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে গণতন্ত্রের জন্য ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি হিসেবে বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, ১৩ ফেব্রুয়ারির সকাল বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সময় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রের নতুন যাত্রাপথে দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নির্বাচনকে সফল করেছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, কমিশনের প্রধান অঙ্গীকার ছিল আইন প্রয়োগে নিরপেক্ষ থেকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সে লক্ষ্যেই শতভাগ প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এই নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়া ছিল না; বরং দেশের মান-মর্যাদা, আন্তর্জাতিক ভাবমূর্তি, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থানের সঙ্গে বিষয়টি নিবিড়ভাবে যুক্ত ছিল। তাই নির্বাচন কমিশন এটিকে দায়িত্ব ও আস্থার বিষয় হিসেবে দেখেছে।
দেশবাসীর অংশগ্রহণের প্রসঙ্গ টেনে সানাউল্লাহ বলেন, মানুষ ঈদ উৎসবের মতো উৎসাহ নিয়ে ভোটে অংশ নিয়েছে। এর ফলে নির্বাচন ঘিরে যে আশঙ্কা বা শঙ্কা ছিল, তা দূর হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতি হিসেবে বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়েছে।



































