জরিপে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ
- সর্বশেষ আপডেট ০৩:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 37
গবেষণা প্রতিষ্ঠান দ্য ডেল্টাগ্রামের এক জাতীয় জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে সমর্থন করেছেন দেশের ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭ দশমিক ২ শতাংশ কোনো মত দেননি।
গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশের আট বিভাগের ৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপটি পরিচালনা করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর এ জনমত মূল্যায়ন করা হয়েছে।
জরিপে বিভাগভিত্তিক সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে রংপুরে, যেখানে অনুমোদনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। সবচেয়ে কম সমর্থন মিলেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।
শহরের তুলনায় গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন বেশি। গ্রামীণ এলাকায় ৭৮ দশমিক ৫ শতাংশ এবং শহরাঞ্চলে ৭০ দশমিক ১ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে সব বয়সেই সমর্থনের হার প্রায় একই থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এটি তুলনামূলক কম, ৭০ দশমিক ৯ শতাংশ।
ডেল্টাগ্রাম জানায়, জরিপের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় করা হয়েছে। দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতিতে ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭০ শতাংশ সাক্ষাৎকার নেওয়া হয়েছে সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনে। দুই পদ্ধতির ফলাফলে উল্লেখযোগ্য কোনো পরিসংখ্যানগত পার্থক্য পাওয়া যায়নি।
গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাতীয় পর্যায়ে জরিপটির সম্ভাব্য ত্রুটির সীমা ৯৫ শতাংশ নির্ভরযোগ্যতায় ±২ দশমিক ১ থেকে ±২ দশমিক ৪ শতাংশ। তবে বিভাগভিত্তিক ফলাফল ব্যাখ্যায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
































