চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
- সর্বশেষ আপডেট ০৩:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 6
সাত বছর পর বিরল সফরে পিয়ংইয়ং গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতা কৌশলগত সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা সমন্বয় আরও জোরদারের অঙ্গীকার করেছেন।
উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বৈঠকে দুই নেতা ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় সমন্বয় বাড়ানোর বিষয়ে একমত হন।
কিম জং উন চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত সম্পর্ক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চলতি বছরে প্রথম বিদেশ সফরের জন্য শি জিনপিংয়ের উত্তর কোরিয়াকে বেছে নেওয়া দেশটির প্রতি গুরুত্বপূর্ণ সমর্থনের বার্তা বহন করে।
বৈঠকে কিম ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুই দেশ বাণিজ্য, কৃষি, নির্মাণ ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। শি জিনপিং সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যৌথ অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পিয়ংইয়ংয়ে শিকে লাল গালিচা সংবর্ধনা, সম্মানরক্ষী বাহিনী ও একুশ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। সফরটি দুই দেশের বন্ধুত্ব চুক্তির ৬৫ বছর পূর্তির সময় অনুষ্ঠিত হওয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বাড়লেও বেইজিং পিয়ংইয়ংয়ের ওপর নিজের প্রভাব ধরে রাখতে চায়। একই সঙ্গে উত্তর কোরিয়ার জন্যও চীন এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার।


































