চীনা স্যাটেলাইটে মার্কিন ঘাঁটি নজরদারি ইরানের

- সর্বশেষ আপডেট ০৪:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 113
চীনের তৈরি একটি গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা পেয়েছে ইরান—এমন তথ্য প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে পত্রিকাটি জানায়, ইরান গোপনে ‘টিইই–০১বি’ নামের একটি স্যাটেলাইট সংগ্রহ করে, যা চীনা প্রতিষ্ঠান আর্থ আই নির্মাণ ও উৎক্ষেপণ করে। পরে ২০২৪ সালের শেষ দিকে এটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস শাখার নিয়ন্ত্রণে আসে।
ফাঁস হওয়া সামরিক নথির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানি কমান্ডাররা স্যাটেলাইটটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনাগুলোর ওপর নজরদারি চালান। গত মার্চে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে এসব স্থানের ছবি সংগ্রহ করা হয় বলে দাবি করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, চুক্তির আওতায় বেইজিংভিত্তিক এমপোস্যাটের গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পায় আইআরজিসি। ফলে এশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে স্যাটেলাইটের তথ্য সংগ্রহ সম্ভব হচ্ছে তাদের জন্য।
তবে রয়টার্স ও মিডল ইস্ট আই স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন কিংবা চীনের কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকেও নীরবতা বজায় রাখা হয়েছে।
আইআরজিসির সঙ্গে এমপোস্যাটের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে ডোনাল্ড ট্রাম্পের আগের সতর্কবার্তা। সে সময় তিনি বলেছিলেন, ইরানকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দিলে চীনের জন্য তা বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। যদিও চীনা দূতাবাস পুরো অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি সময়ে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিসহ জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর ওপর হামলার সময় স্যাটেলাইটটি সক্রিয় নজরদারি চালায়।
































