শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
- সর্বশেষ আপডেট ০২:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 35
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিশুরা হলো- দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও তার বোন আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২), নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) এবং তার বোন সুরাইয়া (৯)।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা এ এলাকায় এই প্রথম। পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।’
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।






























