চট্টগ্রাম ডিওএইচএসে মাইশার সৌরবিদ্যুৎ নিয়ে সভা

- সর্বশেষ আপডেট ০৩:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 302
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষায় সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে আয়োজিত এ সভায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার, স্থাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
গতকাল চট্টগ্রাম ডিওএইচএস পরিষদের সভাপতি লে. কর্নেল (অব.) এবিএম জয়নুর রশিদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সচিব লে. কর্নেল (অব.) মো. আব্দুর রহিম।
সভায় সৌরবিদ্যুতের বিভিন্ন সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক তুলে ধরেন মাইশা পাওয়ার টেক বিডির রিজিওনাল ডিরেক্টর ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিষ্ঠানটি আধুনিক ও সাশ্রয়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসারে কাজ করছে।
তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও পরিবেশদূষণের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। সৌরবিদ্যুৎ এখন শুধু বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নয়, বরং বিদ্যুৎ খরচ কমানো, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার কার্যকর মাধ্যম।
বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিলের ব্যয়ও সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা যাবে।
মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়া আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা দিতে কাজ করছে মাইশা পাওয়ার টেক বিডি। উন্নতমানের সোলার প্যানেল, আধুনিক ইনভার্টার ও প্রয়োজনীয় যন্ত্রাংশের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি সহায়তা ও দ্রুত সেবা প্রদানের ওপর গুরুত্ব দিচ্ছে।
সভায় বক্তারা বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে মাইশা পাওয়ার টেক বিডির প্রতিনিধি মো. ইব্রাহিম মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।































