গাজীপুরে আগুনে পোড়া দুই মরদেহ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৩:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 220
গাজীপুরের ভবানীপুর ও শ্রীপুর এলাকায় পৃথক দুটি স্থান থেকে আগুনে পোড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া মরদেহের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম মাহাবুর ইসলাম রনি (১৪)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে গাজীপুরের ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে রনি নিখোঁজ ছিলেন।
জয়দেবপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয়রা ভবানীপুরের ‘মায়ের দোয়া হোটেল’-এর পেছনে ঝোপঝাড়ের মধ্যে আগুনে পোড়া একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
অন্যদিকে, শ্রীপুর থানা-র আওতাধীন তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকার গজারি বন থেকে অজ্ঞাতনামা এক যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, স্থানীয়রা গজারি বনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই ঘটনার বিষয়ে পৃথক তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।































