কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ নেতা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 9
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’ নামে দুই গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই সংশ্লিষ্ট গ্যাংয়ের নেতৃত্বে থাকা সক্রিয় সদস্য। তাদের কয়েকজনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গত ১০ দিন ধরে পুরো জেলায় বিশেষ অভিযান চলছে। এ সময়ে সন্দেহভাজন দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অনেককে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানের কারণে কিশোর গ্যাংয়ের কয়েকজন নেতা আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’ গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ‘র’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০)। পুলিশের তথ্যমতে, রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ নয়টি মামলা এবং সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।
অন্যদিকে ‘ক্রাইম সেটাপ’ গ্যাংয়ের মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪) গ্রেপ্তার হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধে জড়ানো এবং সমাজে অস্থিরতা সৃষ্টিকারী গ্যাং ও তাদের নেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তান কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।




























