কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত
- সর্বশেষ আপডেট ০২:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 87
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া ও একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
আহত দুই শ্রমিক হলেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ ভাটার কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে চার শ্রমিক চাপা পড়েন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ইটভাটার মালিক মোফাজ্জল হোসেন সজল বলেন, সকালে কয়েকজন শ্রমিক ভাটায় কাজ করতে যান। এ সময় তাঁদের ওপর দেয়াল ধসে পড়লে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হন।
একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।































