ঢাকায় স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে আত্মসমর্পণ
- সর্বশেষ আপডেট ১২:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 9
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় ওরফে শিপন (নামে এক ব্যক্তির) বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কাঁঠালবাগানের আল-আমিন রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রী (২০) এবং তার মা ফিরোজা বেগম (৪০)।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত হৃদয় ওরফে শিপন ঘটনার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতে কাঁঠালবাগানের আল-আমিন রোডে ফারজানার বাবার বাসায় ওঠেন। রোববার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়
সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানচালক হৃদয় স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সকালে স্বামী-স্ত্রীর বিরোধের সময় ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।
অভিযোগ অনুযায়ী, ঘরে থাকা একটি তরকারি কাটার ছুরি দিয়ে হৃদয় প্রথমে স্ত্রী ফারজানাকে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাধা দিতে এলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
































