ওজনে গরমিলের অভিযোগে নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

- সর্বশেষ আপডেট ০৭:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 207
মোড়কে উল্লেখিত ওজনের চেয়ে কম পরিমাণ পণ্য বাজারজাত করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় নাবিস্কোর উৎপাদিত বিভিন্ন বিস্কুটের প্যাকেটের ওজন পরীক্ষা করে দেখা যায়, মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় পণ্যের প্রকৃত ওজন কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তা অধিকার ক্ষুণ্ন করে এবং প্রচলিত আইনের পরিপন্থি।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সঠিক ওজন নিশ্চিত করে পণ্য বাজারজাত করার নির্দেশনা দিয়েছে।
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা প্রসিকিউটিং কর্মকর্তা এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।































