ইসি আনোয়ার
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি

- সর্বশেষ আপডেট ০১:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 175
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। ইসি আনোয়ারুল জানান, চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেয়া রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।



































