চলতি এপ্রিল মাসে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে। মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে প্রায় ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে ১০ কোটি ডলারের বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহে স্পষ্ট বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে যেখানে রেমিট্যান্স ছিল ২৫০ কোটি ডলারের কাছাকাছি, সেখানে এবার তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯১১ কোটি ডলার। এক বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ শতাংশের কাছাকাছি, যা সামগ্রিক অর্থনীতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।
এর আগে মার্চ মাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হয়, যার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ডলারের বেশি। ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও তিনশ কোটি ডলারের ওপরে প্রবাসী আয় এসেছে, যা ধারাবাহিক শক্তিশালী প্রবাহের দিকেই ইঙ্গিত করছে।