এআই ক্যামেরায় একদিনে ৪৪৯ মামলা

- সর্বশেষ আপডেট ১২:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 134
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরা চালুর প্রথম ২৪ ঘণ্টায় ৪৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি, বিপরীত পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে এসব এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ক্যামেরায় আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আরও বিস্তৃত করা হলে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা কমবে। পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও বাড়বে। ইতোমধ্যে এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশে মোট ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।































