ঈদে আসছে মেসবাহ আহমেদের নতুন গান

- সর্বশেষ আপডেট ০৪:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 638
আসছে ঈদকে সামনে রেখে নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছেন শাস্ত্রীয় ধারার সংগীতশিল্পী মেসবাহ আহমেদ। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সংগীত সাধনায় নিমগ্ন এই শিল্পী এবার ঈদ উৎসবে প্রকাশ করতে যাচ্ছেন একাধিক নতুন গান।
দেশ-বিদেশে স্টেজ পারফরম্যান্স এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গজল গায়কীকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি। চলতি বছরের শুরুতেই জি’সিরিজের ব্যানারে তার দুটি নতুন গান প্রকাশিত হয়েছে। এবার ঈদ উপলক্ষে গীতিকবি গোলাম মোর্শেদ– এর কথায় এবং মেসবাহ আহমেদের সুরে প্রকাশ পাবে দুটি নতুন গান। পাশাপাশি তার নিজের লেখা ও সুরে আরও একটি গান মুক্তির প্রস্তুতি চলছে।
সংগীতচর্চায় নিজেকে সমৃদ্ধ করতে তিনি নিয়মিত দেশ-বিদেশের প্রখ্যাত সংগীতজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখেন। তার গুরু হিসেবে রয়েছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। এছাড়া পাকিস্তান ও ভারতের খ্যাতিমান শিল্পীদের সান্নিধ্য ও পরামর্শেও তিনি নিজেকে শাণিত করে চলেছেন।
ঈদ উৎসবের পর চলতি বছরের মধ্যভাগে রাজধানীর একটি শীর্ষস্থানীয় মিলনায়তনে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিশেষ এক সঙ্গীত সন্ধ্যার। “গ্র্যান্ড সলো মিউজিক্যাল নাইট” শিরোনামের এ আয়োজনে দেশ-বিদেশের প্রখ্যাত যন্ত্রশিল্পীরা অংশ নেবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি হবে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ আয়োজন।
শুধু গান প্রকাশেই নয়, এবার নতুন এক স্বপ্ন নিয়েও এগোচ্ছেন মেসবাহ আহমেদ। দীর্ঘ সংগীতযাত্রার অভিজ্ঞতাকে ভিত্তি করে তিনি গড়ে তুলতে যাচ্ছেন একটি নিজস্ব প্রডাকশন হাউস। তিনি বর্তমানে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সূত্রে ‘বেঙ্গল’ নামেই শুরু হতে যাচ্ছে তার সৃষ্টিশীল প্রডাকশন হাউসের যাত্রা।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু গান নয়, সংগীতের বিভিন্ন শাখা-উপশাখা, নৃত্য, অভিনয় এবং সুকুমার শিল্পের নানা ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিল্পীদের নিজস্ব ব্যয়ে তুলে ধরার উদ্যোগও থাকবে এই প্রডাকশন হাউসে।
ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও সংগীতই তার একমাত্র ধ্যান-ধারণা বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা। পরিণত বয়সে এসে সংগীতকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্ন বুনছেন তিনি।
আসন্ন ঈদ উৎসবে নতুন গান এবং পরবর্তী বিশেষ আয়োজন ঘিরে ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।





































