ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি ঘোষণা রবিবার!
- সর্বশেষ আপডেট ০৮:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 38
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবারই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে তেহরান স্পষ্ট করেছে, সম্ভাব্য কোনো চুক্তিই তাদের পারমাণবিক কর্মসূচিতে স্থায়ী সীমাবদ্ধতা আনবে না।
ভারত সফরে রুবিও সাংবাদিকদের বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব হয়তো ইতিবাচক খবর পেতে পারে।” এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির বেশিরভাগ বিষয় নিয়ে সমঝোতা হয়ে গেছে, এখন শুধু চূড়ান্ত অনুমোদন বাকি।
ট্রাম্প আরও জানান, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত করা হবে। দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছিল, এই সিদ্ধান্ত তা কিছুটা কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলোচনার খসড়া অনুযায়ী তেহরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হতে পারে। পাশাপাশি বিদেশে আটকে থাকা ইরানের কিছু অর্থ ছাড়ের বিষয়েও নীতিগত সম্মতি দিয়েছে ওয়াশিংটন।
তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি কার্যকর হওয়ার পর অন্তত ৬০ দিনের জন্য এ আলোচনা স্থগিত থাকবে।
এদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান ও বাহরাইনের নেতারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে খুব শিগগিরই নতুন বৈঠকের আয়োজন হতে পারে।

































