আমিরাতের ‘ডানাটা’ টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী
- সর্বশেষ আপডেট ০৫:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 29
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমানসেবা প্রতিষ্ঠান ডানাটা। বিষয়টি উঠে আসে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে।
ডানাটা -সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি আন্তর্জাতিক বিমান ও ভ্রমণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে দুবাইয়ে যাত্রা শুরু করা এই কোম্পানিটি বর্তমানে ছয় মহাদেশের ১২০টিরও বেশি বিমানবন্দরে কাজ করছে।
এর কার্যক্রমের মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো সেবা, ফ্লাইট ক্যাটারিং এবং বিভিন্ন ধরনের ট্রাভেল সাপোর্ট। বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তারা বিমান পার্কিং, লাগেজ ও কার্গো লোড-আনলোড এবং যাত্রীসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। রাষ্ট্রদূত তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনায় ডানাটা’র সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিত দেন।
জবাবে প্রতিমন্ত্রী জানান, টার্মিনালের ওআরএটি কার্যক্রম শেষ হওয়ার পর সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও উল্লেখ করেন, বিমানবন্দরের সেবার মান উন্নয়নে চলমান উদ্যোগ ধাপে ধাপে এগিয়ে চলছে।
রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আশা ব্যক্ত করেন।






































