আদালত চত্বরে সালাউদ্দিনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
- সর্বশেষ আপডেট ০৪:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 25
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর তাকে কারাগারে নেওয়ার সময় বগুড়া আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটে।
বুধবার (৫ আগস্ট) বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে একই দিন ভোরে রাজধানীর পূর্ব মনিপুর এলাকার একটি বাসা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়।
আদালতের নির্দেশের পর কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং নিরাপত্তার মধ্যে তানভীরকে কারাগারে নিয়ে যান।
রাফিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গাজী সালাউদ্দিন তানভীরের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তিনি এ ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ডিম নিক্ষেপের বিষয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনাটি সংশ্লিষ্টদের আবেগের বহিঃপ্রকাশ। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি।
তিনি আরও জানান, মামলায় তানভীরের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সাইবার সুরক্ষা আইনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই তানভীরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন।































