আত্মসমর্পণের পর জামিন পেলেন মেহজাবীন
- সর্বশেষ আপডেট ০৭:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 105
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩–এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী তুহিন হাওলাদার।
দিনের শুরুতে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩–এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। খবর প্রকাশিত হওয়ার পর প্রথমে অভিনেত্রী বিষয়টিকে গুজব বলে দাবি করেন। তবে পরে তিনি আইনি পরামর্শ নিয়ে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
এ মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন—দীর্ঘদিনের পরিচয়কে ব্যবহার করে নতুন একটি পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে মেহজাবীন ও তার ভাই মোট ২৭ লাখ টাকা নেন, যার কিছু দেওয়া হয় নগদে এবং বাকিটা বিকাশের মাধ্যমে। কিন্তু দীর্ঘদিনেও কোনো ব্যবসায়িক উদ্যোগ শুরু না হওয়ায় তিনি টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকার বিষয়ে আলোচনা করতে চাইলে আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, আলিসান ও আরও কয়েকজন তাকে অশোভন ভাষায় অপমান করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
ঘটনার পর ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। নির্ধারিত তারিখে আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় গত ৩ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং ১০ নভেম্বর তা কার্যকর করা হয়।
পরোয়ানা জারি হওয়ার পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে শেষ পর্যন্ত আদালতেই আত্মসমর্পণ করেন মেহজাবীন ও তার ভাই।































