আট শাখা নিয়ে যাত্রা শুরু আর্মি ইনস্টিটিউটের
- সর্বশেষ আপডেট ১২:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 63
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন। একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন শাখাগুলো বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সময়ের পরিবর্তিত চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে দক্ষ, মানবিক ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি জানান, ইনস্টিটিউটটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধনির্ভর শিক্ষা নিশ্চিত করা হবে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।































