অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৮:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 123
সচিবালয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।
উপদেষ্টা বলেন, “দুর্নীতি দমন কমিশন এখনো পুনর্গঠিত হয়নি। পুনর্গঠন হলে এসব কাজ তাদের মাধ্যমে শুরু হবে। শুধু পুরনো ঘটনাই নয়, বর্তমান সরকারের সময়ে অনিয়ম হচ্ছে কিনা- সেটিও খতিয়ে দেখা হবে।”
তিনি আরও বলেন, সরকারের ভেতর কোনো অনিয়ম থাকলে তা অনুসন্ধান করা হবে।
অটোরিকশার অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও যান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নে তিনি উল্লেখ করেন, “অটোরিকশা নিয়মের মধ্যে আনতে হবে। শুধু বিদ্যুতের বিষয় নয়, সড়ক নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।
অনেক যানবাহন ত্রুটিপূর্ণ, চালক অপ্রশিক্ষিত। আগে অলিগলিতে চলতো, এখন প্রধান সড়কেও ঝুঁকি বাড়াচ্ছে।”
ব্যাংক খাত সম্পর্কে জাহেদ উর রহমান জানান, আগের সরকারের সময় খাত দুর্বল হয়ে পড়েছিল। পুনর্গঠন শুরু হয়েছে, তবে ধীরে ও পরিকল্পিতভাবে। হঠাৎ পরিবর্তন আস্থার সংকট তৈরি করতে পারে।
তিনি যোগ করেন, “ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতি সচল রাখা, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে এসব পদক্ষেপ অপরিহার্য।”































