অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 204
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অধিবেশন শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা সব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন।
তিনি আরও জানান, সম্ভাব্য ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশগুলোও সেখানে উপস্থাপন করা হবে।
এরই মধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার কাজ শুরু করেছে। তবে স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপের পদে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
































