১৬ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত
- সর্বশেষ আপডেট ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 63
ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়াবিদ জানান, বুধবার (২৪ জুন) দেশের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এই আবহাওয়ার কারণে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।





























