দুই হাজার আইফোনসহ গ্রেপ্তার ৬ বিদেশি আদালতে
- সর্বশেষ আপডেট ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 34
কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও ৭৫টি ল্যাপটপসহ গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিককে আদালতে হাজির করা হয়েছে। অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা সাইবার অপরাধ মামলায় অধিকতর তদন্তের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করতে পারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ছয় বিদেশিকে কক্সবাজার আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের আদালতে হাজির করার কথা রয়েছে। সেখানে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে তাদের রিমান্ডের আবেদন করা হতে পারে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুই হাজার আইফোন ও ৭৫টি ল্যাপটপ জব্দ করা হয়।
পরে সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার পরবর্তীতে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)কে দেওয়া হয়। অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে তদন্ত সংস্থা।





























