শক্তিশালী গণমাধ্যমেই শক্তিশালী গণতন্ত্র: ফখরুল
- সর্বশেষ আপডেট ০৪:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 12
বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে সুসংহত করে।
শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশ করতে হবে। ভালো কাজের স্বীকৃতি যেমন দিতে হবে, তেমনি অন্যায়, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডও নির্ভীকভাবে তুলে ধরতে হবে। ‘সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার আসল শক্তি’—বলেন তিনি।
তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের জন্য কাজ করতে গিয়ে ভুল হলে তা তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং সত্য প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনাকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ওপর নির্ভরশীল। তাই সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়নের সঙ্গে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
































