প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার
- সর্বশেষ আপডেট ০৯:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 9
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র গড়তে সরকার কাজ করছে। একই সঙ্গে প্রাণীদের প্রতিও সহিংসতা রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে বিভেদ সৃষ্টির অপচেষ্টা থাকলেও সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের মানুষের ঐতিহ্য। সেই চেতনাকে ধারণ করে এমন একটি রাষ্ট্র গড়ে তোলা হচ্ছে, যেখানে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার নতুন প্রজন্মের জন্য যেমন সম্ভাবনার দ্বার খুলেছে, তেমনি মূল্যবোধের সংকটও তৈরি করেছে। এ প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামের সাহিত্য, বিশেষ করে শিশু-কিশোরদের জন্য রচিত কবিতা ও ছড়া মানবিকতা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারেক রহমান বলেন, নজরুলচর্চা শুধু সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে তার সাহিত্য, দর্শন ও মানবিক চেতনাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান অনুপ্রেরণার উৎস ছিল। নতুন প্রজন্মের সঙ্গে জাতীয় কবির জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করতেই বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, কবি নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নজরুল গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।



































