ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা ঈমানী দায়িত্ব: ধর্মমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৯:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 9
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ইসলামের পবিত্র প্রতীক ও কালেমা খচিত পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। ধর্মীয় প্রতীককে রাজনৈতিক অপব্যবহার বা বিভ্রান্তির হাতিয়ার না করারও আহ্বান জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ‘পবিত্র কালেমা খচিত পতাকার সম্মান রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি বলেন, ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের অবমাননা, বিভ্রান্তি বা রাজনৈতিক অপব্যবহার গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপচেষ্টা জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। এ বিষয়ে আলেম-ওলামা, শিক্ষাবিদ, তরুণ সমাজ এবং ধর্মপ্রাণ মানুষকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ধর্মমন্ত্রী আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইসলামের মৌলিক আদর্শের বাইরে নতুন কোনো মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা মুসলিম সমাজ গ্রহণ করবে না।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে সভায় দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা, মসজিদ ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের আলেম-ওলামারা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, ধর্মপ্রাণ তরুণরা আন্তরিকতা থেকে কালেমা খচিত পতাকা বহন করলেও একটি মহল বিষয়টিকে অপব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কোথাও কোথাও ধর্মীয় প্রতীক অনুপযুক্তভাবে ব্যবহার করেও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ধর্মীয় প্রতীক ব্যবহার করে কোনো মহল যদি দেশে বিভেদ বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, তবে আলেম সমাজ ও সচেতন মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিতে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।































